Image description

সারা দেশে হামের প্রাদুর্ভাব রোধে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং এই রোগ মোকাবিলায় সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত। রোববার (১২ এপ্রিল) রাজধানীর কড়াইল বস্তির এরশাদ মাঠে ‘হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে দেশের ১৮টি জেলার ৩০টি অতি ঝুঁকিপূর্ণ উপজেলা শনাক্ত করা হয়েছে। এসব এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকেই জরুরি বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে বড় সিটি কর্পোরেশনগুলোতে কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এই কর্মসূচি চলবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে ডা. এম এ মুহিত বলেন, “জনগণের স্বপ্ন পূরণে আমরা এক মিনিটও সময় নষ্ট করতে চাই না। স্বৈরাচারমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।” তিনি মায়েদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের অবশ্যই এই টিকার আওতায় আনতে হবে। গোষ্ঠীগত রোগ প্রতিরোধ ক্ষমতা বা ‘হার্ড ইমিউনিটি’ তৈরির মাধ্যমে শিশুদের সুরক্ষিত রাখাই এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন মহাখালীর বর্তমান কোভিড হাসপাতালটিকে একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতালে রূপান্তর করার দাবি জানান। তিনি বলেন, “ডিএনসিসির নিজস্ব কোনো জেনারেল হাসপাতাল নেই। মহাখালীর স্থাপনাটিকে একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতালে রূপান্তর করা গেলে নগরবাসী সহজেই চিকিৎসাসেবা পাবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারীসহ ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা।

মানবকণ্ঠ/আরআই