হাইতির জনপ্রিয় পর্যটনকেন্দ্র ও ঐতিহাসিক স্থাপনা ‘সিটাডেল লাফেরিয়েরে’ এক মর্মান্তিক পদদলিতের ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। ইস্টার উপলক্ষে আয়োজিত এক বার্ষিক সমাবেশে অংশ নিতে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
হাইতির নর্ড বিভাগের সিভিল প্রোটেকশন প্রধান জেন হেনরি পিটিট জানান, শনিবার (১১ এপ্রিল) রাতে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধারকাজ চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন হাইতির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস-অ্যামি। তিনি জানান, মিলো শহরের ওই ঐতিহাসিক স্থানে বিপুলসংখ্যক তরুণ-তরুণীর উপস্থিতিতে একটি পর্যটন অনুষ্ঠানের সময় এই দুর্ঘটনাটি ঘটে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দুর্গের প্রতিষ্ঠা স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারের ফলে শিক্ষার্থীসহ প্রচুর দর্শনার্থী সমবেত হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্গের প্রবেশপথের কাছে প্রচণ্ড ভিড়ে পদদলিতের ঘটনা শুরু হয়। হঠাৎ ভারি বৃষ্টি নামলে আতঙ্কিত মানুষের হুড়োহুড়িতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
উল্লেখ্য, সিটাডেল লাফেরিয়েরে দুর্গটি হাইতির স্বাধীনতার প্রতীক এবং একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। উনবিংশ শতাব্দীতে বিপ্লবী নেতা হেনরি ক্রিস্টোফি ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এটি নির্মাণ করেছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments