Image description

ভোলার তজুমদ্দিনে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ পাঙ্গাসের পোনা ও জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী লঞ্চঘাটে একটি ঢাকাগামী লঞ্চে তল্লাশি চালিয়ে এসব মাছ আটক করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, জব্দকৃত মাছের মধ্যে ৫০ মণ পাঙ্গাসের পোনা এবং ৫০ কেজি জাটকা ইলিশ রয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মনপুরা উপজেলার একটি অসাধু চক্র এই মাছগুলো পরিবহনের চেষ্টা করছিল। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন জানান, ইলিশ ও পাঙ্গাসের উৎপাদন রক্ষায় এই অভিযান চালানো হয়েছে। জব্দকৃত মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। জাতীয় সম্পদ রক্ষায় ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

অভিযানে মৎস্য কর্মকর্তার পাশাপাশি কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম একে আজাদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর