দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেট ও এর আশপাশের এলাকায় পাঁচ দিনের ব্যবধানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা ২১ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩।
ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, এবারের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়। এর প্রভাবে বাংলাদেশের সিলেটসহ সীমান্তবর্তী জেলাগুলোতেও মৃদু কম্পন অনুভূত হয়। হঠাৎ এই কম্পনে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ৭ এপ্রিল একই এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই দিন দুপুর ২টা ৪৮ মিনিটে হওয়া কম্পনটি সিলেটসহ পার্শ্ববর্তী অঞ্চলে বেশ ভালোভাবেই অনুভূত হয়েছিল।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সারা দেশে ভূমিকম্পের প্রবণতা বেড়েছে। গত ২১ নভেম্বর নরসিংদীর মাধবদীতে ৫ দশমিক ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যাতে সারা দেশে ১০ জনের মৃত্যুসহ অন্তত কয়েকশ মানুষ আহত হয়েছিলেন। ঘন ঘন এমন কম্পনে জনমনে উদ্বেগ বাড়ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments