Image description

কুমিল্লার মুরাদনগরে এরশাদ মিয়া (৩২) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা গ্রামের দক্ষিণ মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত এরশাদ মিয়া ওই গ্রামের আব্দুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত এরশাদ মিয়া দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিরোধ বা অপরাধের ভাগবাটোয়ারা নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

নিহতের পিতা আব্দুল হক জানান, তার ছেলে আগে গাড়িচালক হিসেবে কাজ করতেন। কিন্তু কয়েক বছর ধরে মাদকাসক্ত হয়ে পড়ায় তার জীবনযাপন অস্বাভাবিক হয়ে ওঠে। পরিবারের পক্ষ থেকে তাকে বারবার সুপথে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হতে হয়েছে।

ঘটনার খবর পেয়ে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক বা অন্য কোনো বিরোধের জেরে তার পরিচিত সঙ্গীরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। লাশের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।"

মানবকণ্ঠ/ডিআর