মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, “আমরা চাই স্বল্প খরচে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাক। এই পুরো প্রক্রিয়াটিকে সিন্ডিকেটমুক্ত করার জন্য যা কিছু প্রয়োজন, তা করতে আমরা মালয়েশিয়া সরকারকে আহ্বান জানিয়েছি।” তিনি আরও উল্লেখ করেন, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন আন্তরিক, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও তেমনি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।
শ্রমিক পাঠানো শুরুর সময়সীমা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন এবং সরকার যত দ্রুত সম্ভব এটি চালুর চেষ্টা করছে। এছাড়া ‘ক্রেডিবল রিক্রুটমেন্ট এজেন্সি’ সম্পর্কে তিনি পরিষ্কার করেন যে, এটি কোনো নতুন সিন্ডিকেট তৈরির উদ্যোগ নয়। বরং মালয়েশিয়া সরকার সব দেশের জন্যই নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী এই এজেন্সি নির্বাচন করে। বাংলাদেশ চায় যোগ্য ও দুর্নীতিমুক্ত এজেন্সিগুলোই যেন এই প্রক্রিয়ায় যুক্ত থাকে।
আইনি ব্যবস্থার বিষয়ে মাহদী আমিন বলেন, “বর্তমান গণতান্ত্রিক সরকার আইনের শাসনে বিশ্বাসী। বিচার বিভাগ তার নিজস্ব গতিতে চলবে। যারা দুর্নীতি বা অপকর্মে জড়িত, তারা আইনি প্রক্রিয়ায় শাস্তি পাবে। একইভাবে যারা নির্দোষ, তারা সুবিচার পাবে।” তিনি আরও যোগ করেন, অভিবাসন ব্যয় কমিয়ে আনা এবং সিন্ডিকেট ভেঙে দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
মানবকণ্ঠ/আরআই




Comments