Image description

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষি ও কৃষকের উন্নয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-৫) অ্যাডভোকেট আবদুল মান্নান। রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার ইব্রাহিমপুর-কালীপুরা খালে প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প ও ইজিপিপি কর্মসূচির আওতায় এই খনন কাজের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম।

উদ্বোধনকালে সংসদ সদস্য আব্দুল মান্নান বলেন, “কৃষি ও কৃষকের ভাগ্যোন্নয়নে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৬ মার্চ দেশের ৫৩টি জেলায় একযোগে এই কর্মসূচির উদ্বোধন করেন। আমরা উন্নয়নে বিশ্বাসী এবং এ দেশের মানুষের ভাগ্য বদলে আমরা বদ্ধপরিকর।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর প্রশাসক মো. মলাই মিয়া, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক লাকি আক্তার, ইউপি চেয়ারম্যান আবু মুছাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মানবকণ্ঠ/ডিআর