ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় লড়ি ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড় ব্র্যাক স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি যাত্রীবাহী মাহিন্দ্রা ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি লড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক নারী ও ১৮ মাস বয়সী এক শিশু নিহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
এদিকে দুর্ঘটনার পরপরই লড়িটি নিয়ে পালিয়ে যায় চালক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় নিহত শিশুটির বয়স প্রায় ১৮ মাস। আহতদের মধ্যে শিশুটির মা রয়েছেন, তার একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি।




Comments