ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের আক্ষেপ করে বলেছেন, ছাত্রলীগও কখনো এভাবে পেটায়নি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে হাসপাতালে দেখতে গেলে ভিপি সাদিক কায়েমের সঙ্গে এ আক্ষেপ করেন তিনি।
এর আগে, রাজধানীর শাহবাগ থানার সামনে হামলা ও মারধরের শিকার হন ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। বৃহস্পতিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা করেছেন বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির।
ঘটনার পর এ বি জুবায়ের ও মুসাদ্দিককে উদ্ধার করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে নেওয়া হয়। সে সময় থানার সামনে ছাত্রদলের নেতাকর্মীসহ বিক্ষুব্ধ একদল লোক অবস্থান নেন।
এক ঘণ্টার বেশি সময় এই অবস্থা চলার পর জুবায়ের ও মুসাদ্দিককে শাহবাগ থানা জামে মসজিদের ফটক দিয়ে বের করে নেওয়া হয়।
পরে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।




Comments