বিগত সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী
বিগত সরকারের অবহেলা ও ব্যর্থতার কারণেই দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “২০২০ সালের ডিসেম্বরের পর দেশে হামের টিকা প্রদানে কোনো সচেতনতামূলক ক্যাম্পেইন হয়নি। গত ৬ বছর ধরে এই কার্যক্রম বন্ধ রাখায় শিশুরা আজ ঝুঁকিতে পড়েছে।”
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ঝটিকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুততম সময়ে সারাদেশে হামের টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে। শুরুতে ৩০টি উপজেলায় এই কার্যক্রম চললেও গত ২০ এপ্রিল থেকে দেশব্যাপী পূর্ণাঙ্গভাবে টিকাদান অব্যাহত রয়েছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে হামের প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে।”
হাসপাতাল পরিদর্শনের সময় দায়িত্ব পালনে চরম অবহেলা, গণমাধ্যমে ভুল তথ্য পরিবেশন এবং দুর্নীতির অভিযোগে মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. কামরুল জামাদ্দার, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর এবং সিভিল সার্জন অফিসের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানকে তাৎক্ষণিক প্রত্যাহারের (অব্যাহতি) নির্দেশ দেন মন্ত্রী। তাদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জেলা স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক নূর মহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments