Image description

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ বলেছেন, অনেকে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে কথা বলে। জুলাইকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই। জুলাইকে জঙ্গি আখ্যা দিয়ে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই। এ বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই।

মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন আন্দালিভ রহমান পার্থ। এদিকে তাঁর বক্তব্যের একটি অংশ নিয়ে প্রতিবাদ জানান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

আন্দালিভ রহমান বলেন, ‘বিদ্যুতের সংকট নিয়ে কথা বলার সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত সাহেব বলেছিলেন ‘‘ফ্যাসিস্টের অব্যবস্থাপনা’’। এটা খুবই নমনীয় এবং দুর্বল শব্দ। আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ সেক্টরে কোনো অব্যবস্থাপনা হয়নি? হয়েছিল। লাগামহীন দুর্নীতি ও চুরি হয়েছিল বিদ্যুৎ খাতে। আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করা হয়েছিল। গ্যাস উত্তোলন করা হয়নি বাপেক্স দিয়ে। ফেয়ার করা হয়েছিল তৌফিক সাহেবকে দিয়ে, যা ছিল সম্পূর্ণ ব্লাফ। কুইক রেন্টাল দিয়ে কুইক ডিস্ট্রয় করা হয়েছিল দেশকে। সেই বোঝা দেশ বহন করছে।’

গণমাধ্যমের মালিকেরা রাতে ঘুমাতে পারতেন না বলে দাবি করেন আন্দালিভ রহমান। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা একটা স্ট্যাটাস লিখে ১০ বার ডিলিট করতাম। এই বুঝি আইসিটি অ্যাক্টে আমাদের ধরল কি না!’