Image description

সরকারকে পতনের হুমকি দিলে তার দাঁতভাঙা জবাব রাজপথেই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, “আপনারা (বিরোধী দল) যদি আমাদের পতনের হুমকি দেন, তবে আমরাও রাজপথে থেকে আপনাদের পতন নিশ্চিত করব ইনশাআল্লাহ।”

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

ইশরাক হোসেন বর্তমান সরকারের বৈধতা ও শক্তির উৎস তুলে ধরে বলেন, “এই সরকার কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে আসেনি। আমরা জুলাই বিপ্লবে জনগণের সরাসরি ম্যান্ডেট নিয়ে এবং রাজপথে রক্ত দিয়ে এই সংসদে এসেছি। আমি সংসদ নেতার উদ্দেশে বলতে চাই—আপনি শুধু নির্দেশ দিন, যারা হুমকি-ধমকি দিচ্ছে তাদের মোকাবিলা করতে আমরা আবারও রাজপথে নামতে প্রস্তুত। 

আমরাই খুনি হাসিনাকে হটিয়েছি, এবারও অশুভ শক্তিকে রুখে দেব।” বিরোধী দলের দ্বিমুখী আচরণের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, “বিরোধী সদস্যরা সংসদে সুন্দর ও মার্জিত বক্তব্য দিলেও সংসদের বাইরে উসকানিমূলক বিষবাষ্প ছড়াচ্ছেন। এর ফলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা তৈরি হচ্ছে এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

তারা জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং ১৭ দিনের মধ্যে সরকার হটানোর হুমকি দিচ্ছেন।” তিনি আরও সতর্ক করে বলেন, “আমরা কোনো বিভক্তির রাজনীতি চাই না, বরং ২৪-এর শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যের রাজনীতি চাই। আপনারা যদি দেশকে অস্থিতিশীল করেন, তবে তাতে একমাত্র লাভবান হবে পলাতক ফ্যাসিবাদের দোসররা। তারা যদি আবারও ফিরে আসার সুযোগ পায়, তবে তারা আন্দোলনকারীদের কী পরিণতি করবে, তা কি আপনারা ভেবে দেখেছেন?”

সবশেষে ইশরাক হোসেন বিরোধী দলের প্রতি সহনশীল ও গঠনমূলক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “স্বৈরাচারী হাসিনার আমলের সেই প্রতিহিংসার অপসংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা ৫ বছরের জন্য ম্যান্ডেট পেয়েছি। আসুন, পরস্পরকে হেয় না করে একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রাজনীতি করি।”

মানবকণ্ঠ/আরআই