Image description

সারা দেশে হামের সংক্রমণ বৃদ্ধির কারণ হিসেবে শিশুদের টিকাবিহীন থাকাকে প্রধানত দায়ী বলে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই এ রোগের কোনো টিকা নেয়নি। বুধবার (২৯ এপ্রিল) এক ব্রিফিংয়ে এই উদ্বেগজনক তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

মহাপরিচালক আরও জানান, আক্রান্তদের মধ্যে ১৪ শতাংশ শিশু মাত্র এক ডোজ টিকা নিয়েছে। অর্থাৎ সংক্রমণের শিকার হওয়া শিশুদের একটি বিশাল অংশই টিকার সুরক্ষা বলয়ের বাইরে ছিল।

তবে আশার কথা শুনিয়েছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)। তাদের মতে, বর্তমানে দেশব্যাপী যে টিকাদান কার্যক্রম চলছে, তার সুফল হিসেবে আগামী ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে মানুষের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এবং এতে আক্রান্তের হার দ্রুত কমে আসবে।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টার (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) পরিসংখ্যানে দেখা গেছে, দেশে নতুন করে ১ হাজার ৩১৮ জন সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। 

এই সময়ের মধ্যে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ যা দ্রুত ছড়িয়ে পড়ে। শিশুদের জীবন রক্ষায় এবং এই প্রাদুর্ভাব রুখতে প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা এখন সময়ের দাবি।

মানবকণ্ঠ/আরআই