Image description

শিক্ষার্থীদের বৈদ্যুতিক বাস আমদানিতে শতভাগ শুল্ক প্রত্যাহার করল এনবিআর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে বৈদ্যুতিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক ও কর মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর এই সিদ্ধান্তের কথা জানায়। এর ফলে মূল্য সংযোজন কর (ভ্যাট), কাস্টমস শুল্কসহ সকল প্রকার কর থেকে অব্যাহতি পাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজেরা বা কোনো প্রতিনিধির মাধ্যমে এই সুবিধা গ্রহণ করতে পারবে। তবে এক্ষেত্রে শর্ত হলো— আমদানি করা বাসের রং অবশ্যই হলুদ হতে হবে এবং বাসের গায়ে স্পষ্টভাবে 'স্কুল বাস', 'কলেজ বাস' বা 'শিক্ষার্থী বাস' লেখা থাকতে হবে। শুল্কমুক্ত সুবিধার জন্য আবেদন করা হলে তা সর্বোচ্চ ১০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করবে এনবিআর।

সংশ্লিষ্টরা মনে করছেন, যুগান্তকারী এই সিদ্ধান্তের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কম খরচে আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পারবে। এতে শিক্ষার্থীদের যাতায়াত যেমন নিরাপদ ও আরামদায়ক হবে, তেমনি নগরীতে যানজট ও অভিভাবকদের পরিবহন ব্যয়ও কমে আসবে।

পাশাপাশি, সাধারণ যাত্রীদের জন্য বৈদ্যুতিক বাস আমদানিতেও শুল্ক কমানোর বিষয়টি বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।

মানবকণ্ঠ/আরআই