Image description

রাজধানীতে চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে বিশেষ অভিযানে নেমেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ৪৮ ঘণ্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তালিকাভুক্ত অপরাধীসহ মোট ৯৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

কমিশনার জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ৫৮ জনই পুলিশের তালিকাভুক্ত পেশাদার চাঁদাবাজ। অভিযানের সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির বিপুল পরিমাণ আলামতও জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কোনো চাঁদাবাজ বা অপরাধীকে ছাড়িয়ে নিতে যদি কেউ সুপারিশ বা তদবির করতে আসেন, তবে ধরে নেওয়া হবে তিনিও ওই চক্রের সদস্য। তদবিরের কারণে কাউকে ছাড় দেওয়া হবে না; অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আসতে হবে।”

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অন্যান্য কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, ছিনতাইকারী ও অনলাইন প্রতারকদের বিরুদ্ধেও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধপ্রবণ এলাকা বা ‘হটস্পট’গুলো চিহ্নিত করে সেখানে সিসিটিভি ক্যামেরা ও নতুন পুলিশ ক্যাম্প স্থাপনের কাজ চলছে। এছাড়া মোহাম্মদপুরের নিরাপত্তা জোরদারে সেখানে ‘রায়েরবাজার’ নামে নতুন একটি থানা গঠনের প্রস্তাব ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সরওয়ার আরও যোগ করেন, বর্তমানে ঢাকা শহরে কোনো শীর্ষ সন্ত্রাসীর অস্তিত্ব নেই। বাজার ও জনবহুল এলাকায় পুলিশি টহল বাড়িয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই