আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর কোনো সংকট হবে না বলে নিশ্চিত করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ বছর দেশে পশুর চাহিদার তুলনায় পর্যাপ্ত জোগান রয়েছে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এবার ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি কোরবানিযোগ্য গবাদিপশু প্রস্তুত রয়েছে, যেখানে সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে এক কোটির সামান্য বেশি।
রোববার (৩ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সভায় পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পশুর অবাধ চলাচল নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রী জানান, কোরবানিযোগ্য মোট ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার পশুর মধ্যে গরু ও মহিষের সংখ্যা ৫৬ লাখ ৯৫ হাজার ৭৮৭টি। অন্যদিকে, ছাগল ও ভেড়ার সংখ্যা ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি। এ ছাড়াও উট, দুম্বাসহ অন্যান্য প্রজাতির পশু রয়েছে ৫ হাজার ৬৫৫টি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পশুর পর্যাপ্ত সরবরাহ থাকায় সাধারণ মানুষ সহনীয় মূল্যে পশু কিনতে পারবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া কোরবানির পশুর হাটে যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় এবং পরিবহন ব্যবস্থা নির্বিঘ্ন থাকে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments