Image description

পুলিশের বর্তমান বিতর্কিত পোশাক পরিবর্তন করে নতুন ইউনিফর্ম চালুর চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন পরিকল্পনা অনুযায়ী, পুলিশের শার্টের নকশা আগের আদলে ফিরে যাবে এবং প্যান্টের রং হবে খাকি। সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা লক্ষ্য করেছি, সারা দেশে এবং পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে বিদ্যমান পোশাক নিয়ে অসন্তুষ্টি রয়েছে। এটি ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পায়নি এবং মানানসইও নয়। তাই পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে আমরা একটি ঐতিহ্যবাহী ও গ্রহণযোগ্য পোশাকের সিদ্ধান্ত নিয়েছি।"

পোশাকের বিস্তারিত তুলে ধরে তিনি জানান, পুলিশের ওপরের অংশের শার্ট আগে যেমন ছিল (মেট্রো ও সারা দেশের জন্য), সেটিই বহাল রাখা হয়েছে। তবে প্যান্টের ক্ষেত্রে ‘খাকি’ রং নির্বাচন করা হয়েছে। এই পরিবর্তন কার্যকর হতে কিছুটা সময় লাগবে উল্লেখ করে তিনি বলেন, "কাপড় উৎপাদন এবং পোশাক তৈরির প্রস্তুতির জন্য কিছুটা সময় প্রয়োজন। আনুষ্ঠানিকভাবে এখনো অফিশিয়াল অর্ডার জারি না হলেও আজ আমরা সিদ্ধান্তের কথা জানিয়ে দিলাম।"

সংবাদ সম্মেলনে পুলিশের ১৬ জন ডিআইজি-কে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি একে ‘রুটিন কাজ’ হিসেবে উল্লেখ করে বলেন, "নিয়োগ, বদলি, পদোন্নতি বা বিভাগীয় ব্যবস্থা নেওয়া মন্ত্রণালয়ের নিয়মিত কাজ। এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, এটি প্রতিদিনকার কাজের অংশ।"

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক আসামির জামিন পাওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "কাকে জামিন দেওয়া হবে বা হবে না, তা সম্পূর্ণ আদালতের এখতিয়ার। বিচারিক প্রক্রিয়ায় আদালত আইনের ভিত্তিতে সিদ্ধান্ত নেন। তবে জামিন পেলেও কোনো অপরাধী পার পাবে না, আইনি প্রক্রিয়া তার নিজস্ব গতিতেই চলবে।"

মানবকণ্ঠ/আরআই