খাল খননে কর্মসংস্থান ও পানির সংকট নিরসন হবে: প্রতিমন্ত্রী পুতুল
নাটোরের বাগাতিপাড়ায় খাল খননের মাধ্যমে একদিকে যেমন স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে কৃষিতে পানির দীর্ঘদিনের সংকটও দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
সোমবার (৪ মে) সকালে উপজেলার পৃথক দুটি স্থানে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই সরকারপাড়া এবং জামনগর ইউনিয়নের পুকুরপাড়া এলাকা থেকে বড়াল নদী পর্যন্ত দুটি খালের খনন কাজের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, "গ্রামীণ জনপদের উন্নয়নই হলো দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি। সরকার এমন একটি দেশ গড়তে কাজ করছে যেখানে মাছ চাষ, পানি ব্যবস্থাপনা ও কৃষিতে আমরা স্বয়ংসম্পূর্ণ হব। এর ফলে অন্য দেশের ওপর আমাদের নির্ভরশীলতা অনেকাংশে কমে আসবে।"
নারীদের অর্থনৈতিক মুক্তির ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, "সারাদেশে প্রায় লক্ষাধিক কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে, যার একটি বড় অংশ সংরক্ষিত থাকবে নারীদের জন্য। বিশেষ করে লালপুর-বাগাতিপাড়া এলাকায় নারীদের জন্য আলাদা কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হচ্ছে।"
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, এই এলাকায় উৎপাদিত মাংস ও কৃষিপণ্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ সুবিধা বাড়ানো হবে এবং একটি অত্যাধুনিক 'মিট প্রসেসিং জোন' স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। এতে করে খামারি ও কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাবেন।
অনুষ্ঠানে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments