হঠাৎ করেই ডিমের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। একদিনের ব্যবধানে প্রতি ডজন ফার্মের লাল ডিমের দাম সর্বোচ্চ ২৫ টাকা বেড়েছে। ডজনপ্রতি সর্বোচ্চ ১৬০ টাকায় ডিম বিক্রি হচ্ছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি কিনতে ক্রেতার নাজেহাল হতে হচ্ছে।
মঙ্গলবার সকালে মধুবাগ বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ১৫০ টাকায়। যা বিকাল গড়াতে ১৬০ টাকায় বিক্রি হয়। একই চিত্র কুড়িল বাজারেও। সন্ধ্যা ৭টার পর প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ১৬০ টাকায়। যা একদিন আগেও ১৩৫ টাকা ছিল। কিন্তু বাজারে ডিমের কোনো ঘাটতি নেই।
কুড়িল বাজারে ডিম কিনতে আসা এক ক্রেতা বলেন, বাজারে এসে দেখি দাম আকাশছোঁয়া। বিক্রেতারা ১৭০ টাকা চেয়েছে। পরে ১৬০ টাকা দিয়ে কিনতে হয়েছে। তিনি বলেন, এভাবে দাম বেড়ে যাওয়া অস্বাভাবিক।
অন্যদিকে খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা। পাশাপাশি সোনালি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৮০ টাকা। সঙ্গে সব ধরনের মাছ সপ্তাহ ব্যবধানে ১০-২০ টাকা বেড়ে গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, গরিবের মাছখ্যাত পাঙাশ বিক্রি হচ্ছে ২২০-২৬০ টাকায়। হাফ কেজি ওজনের ইলিশের কেজি ১৫০০-১৬০০ টাকা, তেলাপিয়ার কেজি ২৩০ টাকা, পাবদা ৩৮০, রুই ৩২০-৩৬০, কাতল ৪০০, টেংরা ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে।




Comments