Image description

যুদ্ধ শেষ করার জন্য আলোচনায় ছাড় দেওয়ার অথবা প্রাণঘাতী শক্তির মুখোমুখি হওয়ার মার্কিন আহ্বানের প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না’। 

তিনি তাঁর বক্তব্যে ইরানের অনমনীয় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, শিয়া ধর্মাবলম্বীদের ওপর বলপ্রয়োগ করে কোনো কিছু চাপিয়ে দেওয়া বা তাদের নতি স্বীকারে বাধ্য করা সম্ভব নয়। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই কড়া বার্তা দেন।

পেজেশকিয়ান বলেছেন, তিনি ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং সেই আলাপে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালীর জন্য একটি নতুন নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছে। তাদের দাবি, এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো ওই জলপথ ব্যবহার করে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অস্ত্র ও রসদ সরবরাহ বন্ধ করা। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনার ক্ষেত্রে এই বিষয়টিই অন্যতম বড় বাধা বা অমীমাংসিত ইস্যু হিসেবে দেখা দিয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর পথ প্রশস্ত করতে হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর বিশেষ অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। 

তবে ট্রাম্পের এই নমনীয় মনোভাবের বিপরীতে পেজেশকিয়ানের ‘আত্মসমর্পণ না করার’ এই ঘোষণা ইঙ্গিত দিচ্ছে যে, আলোচনার টেবিলে ইরান নিজের অবস্থান থেকে সরতে নারাজ।