ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইতিবাচক বার্তার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। বুধবার (৬ মে) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই এই নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।
আন্তর্জাতিক বাজারে তেলের বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১.৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৮ ডলারে (৭৯.৫৬ পাউন্ড) নেমে এসেছে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে তেলের দাম ১.৬ শতাংশ কমে ১০০.৬০ ডলারে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও হামলা তীব্র হওয়ায় তেলের দাম এক লাফে ৬ শতাংশের বেশি বেড়ে গিয়েছিল।
প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তেহরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির পথ প্রশস্ত করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর বিশেষ অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, "ইরানের প্রতিনিধিদের সঙ্গে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তির দিকে ব্যাপক অগ্রগতি হয়েছে। এই স্থগিতাদেশের মাধ্যমে দেখা হবে চুক্তিটি শেষ পর্যন্ত সই করা সম্ভব কি না।"
তবে তিনি স্পষ্ট করেছেন যে, ইরানের অর্থনীতির ওপর চাপ বজায় রাখতে তাদের বন্দরগুলোতে নৌ-অবরোধ আগের মতোই বলবৎ থাকবে।
বিশ্বের মোট তেল ও গ্যাস চালানের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে অতিক্রম করে।
৮ এপ্রিল ঘোষিত এবং পরবর্তীতে বর্ধিত যুক্তরাষ্ট্র-ইরান শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির পর থেকে তেলের দাম সামগ্রিকভাবে বেড়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের জানিয়েছেন, ইরানে প্রাথমিক মার্কিন-ইসরায়েলি অভিযান সফলভাবে শেষ হয়েছে কারণ ওয়াশিংটনের লক্ষ্যগুলো পূরণ হয়েছে। তিনি বলেন, "প্রেসিডেন্ট একটি চুক্তি চান এবং আমরা শান্তির পথই পছন্দ করব।"
তবে বিনিয়োগ সংস্থা স্যাক্সোর কৌশলবিদ চারু চানানা এই পরিস্থিতিকে দেখছেন সতর্ক দৃষ্টিতে। তাঁর মতে, 'প্রজেক্ট ফ্রিডম' স্থগিত করা কূটনীতিকে সুযোগ দেওয়ার একটি ইঙ্গিত হলেও এটি কোনো স্থায়ী সমাধান নয়।
হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজার পুরোপুরি স্থিতিশীল হবে না বলে তিনি মনে করেন।
তবে রুবিওর মন্তব্যের কোনো জবাব দেয়নি ইরান। এর আগে দেশটির সংসদীয় স্পিকার মোহাম্মদ গালিবফ বলেন, "আমরা ভালো করেই জানি যে স্থিতাবস্থা বজায় রাখা আমেরিকার কাছে অসহনীয়, অথচ আমরা তো সবে শুরু করেছি।"
প্রজেক্ট ফ্রিডম, যা ট্রাম্পের মতে প্রণালী দিয়ে জ্বালানির প্রবাহ সহজ করার উদ্দেশ্যে করা হয়েছিল, তা পক্ষগুলোর মধ্যেকার যুদ্ধবিরতিকে পরীক্ষা করেছিল।




Comments