Image description

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেন যাত্রীদের জন্য আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বরাবরের মতো এবারও যাত্রী ভোগান্তি কমাতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রয় করা হবে। 

মঙ্গলবার (৫ মে) রেলপথ মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

টিকিট বিক্রির সময়সূচি:
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ মে দেওয়া হবে ২৩ মে যাত্রার টিকিট। একইভাবে
১৪ মে পাওয়া যাবে ২৪ মে’র টিকিট।
১৫ মে পাওয়া যাবে ২৫ মে’র টিকিট।
১৬ মে পাওয়া যাবে ২৬ মে’র টিকিট।
১৭ মে পাওয়া যাবে ২৭ মে’র টিকিট।
এছাড়া ঈদ শেষে কর্মস্থলে ফেরার জন্য ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।

অঞ্চলভেদে টিকিট বিক্রির সময়:
সার্ভারের ওপর চাপ কমাতে এবারও দুই অঞ্চলে ভাগ করে টিকিট বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ) ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে।

টিকিট কেনার নিয়ম ও শর্তাবলি:
রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, একজন যাত্রী দিনে একবার সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। তবে ঈদের এই অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না। এছাড়া যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে যাত্রার দিন স্টেশন থেকে মোট আসনের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়ার’ (স্ট্যান্ডিং) টিকিট বিক্রি করা হবে। তবে এই টিকিট দিয়ে উচ্চ শ্রেণির (এসি বা স্নিগ্ধা) কোচে যাতায়াত করা যাবে না।

১০টি বিশেষ ট্রেন ও ক্যাটল স্পেশাল:
ঈদ উপলক্ষে এবার ১০টি বিশেষ যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে:
তিস্তা স্পেশাল: ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে।
চাঁদপুর স্পেশাল: চট্টগ্রাম-চাঁদপুর রুটে। (এই দুটি ট্রেন ২৫ মে থেকে ঈদের আগের দিন এবং ঈদের পর ৩ দিন চলবে)।
পার্বতীপুর স্পেশাল: জয়দেবপুর-পার্বতীপুর রুটে। (২৪ থেকে ২৬ মে এবং ঈদের পর ৩ দিন চলবে)।
শোলাকিয়া স্পেশাল: ৪টি বিশেষ ট্রেন শুধু ঈদের দিন ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়া ঈদগাহর উদ্দেশ্যে চলবে।

এছাড়া কোরবানির পশু পরিবহনের জন্য ২২ ও ২৩ মে দেওয়ানগঞ্জ বাজার এবং ইসলামপুর বাজার থেকে ঢাকা পর্যন্ত দুটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন পরিচালিত হবে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তা ও কারিগরি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।