আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটগুলোতে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কোরবানির পশু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা-নেওয়ার সময় সড়কে যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হয়, সে বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের কোনো অভিযোগ পাওয়ামাত্রই আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
প্রতিমন্ত্রী বলেন, আসন্ন কুরবানিকে ঘিরে যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে আগে থেকেই পরিকল্পনা নেয়া হয়েছে। এর অংশ হিসেবে রেললাইন ও সড়কের পাশে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না বলে নির্দেশনা দেয়া হয়েছে। পশু পরিবহনের সময় যাতে মানুষের ভোগান্তি ও যানজট না হয়, সে বিষয়েও বিশেষ নজর রাখা হবে।
তিনি আরও জানান, হাটগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীও মাঠে থাকবে। পাশাপাশি ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক (ভলেন্টিয়ার) দল থাকবে, যারা হাট ব্যবস্থাপনায় সহযোগিতা করবে।
মীর শাহে আলম বলেন, বিভিন্ন পক্ষ থেকে পাওয়া কিছু সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে এবং সে অনুযায়ী ইজারাদার ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। তিনি আরও জানান, হাট এলাকায় ওয়াচটাওয়ার স্থাপনসহ নকল টাকা ব্যবহার রোধে বিশেষ ব্যবস্থা নেয়া হবে।




Comments