Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জে অপহরণ, চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মামলায় পৌর যুবদলের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন; উপজেলার ধানগড়া এলাকার বাসিন্দা ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তৌকির আহম্মেদ স্বপন (৩৯) ও মো. রাকিব (২৪)। বুধবার (৬ মে) ভোররাতে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ধানগড়া গ্রামের বাসিন্দা মাহবুবুল আলম সেখ বগুড়ার শেরপুর এলাকায় বালুর ব্যবসা করেন। অভিযুক্ত তৌকির আহম্মেদ স্বপন দীর্ঘদিন ধরে তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে হুমকি দেওয়া হয়।

গত ২ মে সকাল ছয়টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় তাঁর পথরোধ করা হয়।  এ সময় তৌকিরসহ কয়েকজন মিলে তাঁকে মারধর করেন।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় এবং তাঁর কাছে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এরপর তাঁকে অপহরণ করে প্রথমে ঝাপড়া বালুর পয়েন্ট এলাকায় এবং পরে ব্রহ্মগাছা বাজারের একটি ভবনে নিয়ে আটক রাখা হয়। সেখান থেকে ভুক্তভোগীর পরিবারের কাছে ফোন করে আরও ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানায়, প্রধান আসামি তৌকির আহম্মেদ স্বপনের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।