Image description

মানিকগঞ্জের সিংগাইরে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা মতি মিয়াকে (৪৪) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেফতারকৃত মতি মিয়া উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত সবুর আলী বেপারীর ছেলে। 

বুধবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ডিবি ইনচার্জ মানবেন্দ্র বালো।তিনি আরো বলেন, গত ৪ মে শিশুটির মা সিংগাইর থানায় তার মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের  করেন। ওই মামলার সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মতি মিয়াকে (৫ মে) মঙ্গলবার  টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার দেওঘাটা এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

মামলার এজাহার সূত্রে প্রকাশ, প্রায় ৫ বছর আগে  অন্তঃসত্তা অবস্থায় ওই শিশুটির মাকে বিয়ে করেন মতি মিয়া। পরবর্তীতে ওই নারী একটি কন্যা সন্তান জন্ম দেন। ১ মে দিবাগত রাত সাড়ে ১১ টায় মতি মিয়া শিশুটিকে ধর্ষণ করে।  ঘটনার পর অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে পরের দিন সকালে তার মা জানতে পারে। প্রথমে  শিশুটিকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসী অভিযুক্ত মতি মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।