সারাদেশে হামের প্রকোপ আরও উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং বাকি ৫ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে।
বুধবার (৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ৬৫৪ জন সন্দেহভাজন হামরোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিতভাবে ৫৬ জনের মৃত্যু হয়েছে। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে অর্থাৎ সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৮ জনে।
বিগত দেড় মাসে (১৫ মার্চের পর) দেশে মোট ৬ হাজার ৯৯ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, সন্দেহভাজন আক্রান্তের মোট সংখ্যা ৪৪ হাজার ২৬০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩০ হাজার ৮৮৫ জন ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ২২৩ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি মোকাবিলায় শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির ওপর জোর দেওয়ার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments