Image description

বগুড়ায় জিন তাড়ানোর কথা বলে এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার নামাজগড় এলাকায় তার চেম্বার থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী।

পুলিশ জানায়, অভিযোগকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত হাকিম রেজাউল করিমকে আটক করা হয়।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, মাথাব্যথার চিকিৎসার কথা বলে জিন তাড়ানোর অজুহাতে কবিরাজ হাকিম রেজাউল করিম কৌশলে মেয়েটিকে তার বাবা-মায়ের কাছ থেকে আলাদা করে নিয়ে যান। কিছুক্ষণ পর মেয়েটি কান্নাকাটি করতে করতে বাইরে এসে তার বাবা-মাকে ধর্ষণের বিষয়টি জানায়।

ওসি ইব্রাহিম আলী জানান, ঘটনার পরপরই থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামি গ্রেপ্তার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। পরে আমাদের তদন্তকারী কর্মকর্তা এসআই সুমনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রিমান্ড আবেদন করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, পুলিশ রিমান্ড আবেদন করবে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে জিন তাড়ানোর নামে কবিরাজি করতেন। এর আড়ালে তিনি এ ধরনের আরও কর্মকাণ্ডে জড়িত কি না অভিযোগ নেই। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।