‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে আগামীকাল রোববার (১০ মে) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী (১০-১৩ মে) পুলিশ সপ্তাহ ২০২৬। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে এই বিশেষ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহের প্রথম দিনে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। পাশাপাশি তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং আইজিপি মো. আলী হোসেন ফকির পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, একটি রাষ্ট্রের স্থিতিশীলতা ও উন্নয়ন অগ্রযাত্রা পুলিশ বাহিনীর পেশাদারিত্বের ওপর অনেকাংশে নির্ভরশীল। তিনি বর্তমান যুগের সাইবার অপরাধ, এআই ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার মোকাবিলায় পুলিশকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ হওয়ার আহ্বান জানান। এছাড়া ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করায় তিনি পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী তার বাণীতে একটি সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনমনে নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের অগ্রাধিকার। মব ভায়োলেন্স, কিশোর গ্যাং এবং মাদকের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার বাণীতে পুলিশকে মানুষের সেবা ও আস্থার প্রতীক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আইজিপি মো. আলী হোসেন ফকির প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করে পুলিশকে আরও জনবান্ধব ও জবাবদিহিমূলক করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এবারের বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। প্যারেড অনুষ্ঠানে ২০২৫ সালে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ ও ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান করা হবে। প্রধানমন্ত্রী নিজ হাতে পদকপ্রাপ্তদের মেডেল পরিয়ে দেবেন।
পুলিশ সপ্তাহের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে—প্রধানমন্ত্রী কর্তৃক পুনাক (PUNAK) স্টল পরিদর্শন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক, আইজি’জ ব্যাজ ও শিল্ড প্যারেড বিতরণ এবং অস্ত্র ও মাদক উদ্ধার পুরস্কার প্রদান। আগামী ১৩ মে চার দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments