গাজীপুরে যাত্রী ছাউনির পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
গাজীপুর মহানগরীর পূবাইল রেলওয়ে স্টেশন এলাকার একটি যাত্রী ছাউনির পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্টেশনের যাত্রী ছাউনির পাশে এক নারীকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় ও পরিচয় শনাক্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আহমেদ জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য আশেপাশের থানায় বার্তা পাঠানো হয়েছে এবং পিবিআইয়ের সহায়তায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মানবকণ্ঠ/ডিআর




Comments