দেশে হামের সংক্রমণ বৃদ্ধি এবং টিকার সংকটের কারণ অনুসন্ধানে দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
তথ্য উপদেষ্টা বলেন, “হামের সংক্রমণ এবং বর্তমান সংকটসহ সার্বিক পরিস্থিতি নিয়ে একটি সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত কথা হয়েছে। খুব শীঘ্রই দেশীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হবে।”
হামে শিশু মৃত্যুর ভয়াবহতা তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, “ইতোমধ্যে হামের কারণে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও একটি বড় ঘটনা। বাজারে কেন হামের টিকার সংকট তৈরি হলো এবং শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের কোনো ধরণের অবহেলা ছিল কি না—তদন্ত কমিটি মূলত এসব বিষয় খতিয়ে দেখবে।”
তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “তদন্তে যদি কোনো ধরণের গাফিলতি বা অপরাধ প্রমাণিত হয়, তবে দায়ীদের অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। পাশাপাশি হামের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে চিকিৎসাসেবা ও সুযোগ-সুবিধা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি।”
একই ব্রিফিংয়ে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, বর্তমানে দেশে জ্বালানির চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের জ্বালানি সংকটের আশঙ্কা নেই।




Comments