Image description

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষ ও ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১২ মে) থেকে ঈদের দিন পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে।

মঙ্গলবার বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে সরকার ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময় বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিপূর্বে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সারা দেশে রাত ৭টার মধ্যে সব ধরনের মার্কেট ও বিপণিবিতান বন্ধের নির্দেশনা ছিল। তবে উৎসবের মৌসুমে শেষ মুহূর্তের ভিড় এড়াতে এবং ব্যবসায়ীদের অনুরোধে এই সময়সীমা তিন ঘণ্টা বাড়ানো হলো।

দোকান মালিক সমিতি জানায়, তাদের আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই বিশেষ অনুমোদনের বিষয়টি সমিতিকে নিশ্চিত করেছে। তবে সময় বাড়ালেও বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে কঠোর শর্তারোপ করা হয়েছে। কোনো অবস্থাতেই দোকান বা শপিংমলে অতিরিক্ত আলোকসজ্জা করা যাবে না এবং বিদ্যুতের অপচয় রোধ করতে হবে।

ব্যবসায়ী নেতারা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, রাত ১০টা পর্যন্ত কেনাকাটার সুযোগ পাওয়ায় ক্রেতারা স্বস্তিতে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে পারবেন এবং এতে সড়কে যানজটের চাপও কিছুটা কমবে।

মানবকণ্ঠ/আরআই