প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সুরক্ষা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
আজকের সভায় অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো স্থাপন, শিক্ষা ও চিকিৎসাসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করায় গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ভবন নির্মাণ নীতিমালায় হাসপাতাল, রেস্টুরেন্টসহ সরকারি ও বেসরকারি সব স্থাপনায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যাতায়াতের উপযোগী অবকাঠামো ও টয়লেট সুবিধা নিশ্চিত করতে হবে।
এসময় সভায় প্রাথমিকভাবে ১০ জেলার ১০ উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিত করতে ‘শিশু স্বর্গ’ প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়।




Comments