হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দুইগুণ বাড়বে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই টার্মিনালটি দেশের এভিয়েশন খাতের দৃশ্যপট বদলে দেবে।
বৃহস্পতিবার (১৪ মে) এভিয়েশন ও ট্যুরিজম খাতের সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ (বাটজা)-এর নবনির্বাচিত প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব তথ্য জানান। এসময় বাটজার ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
বেবিচক চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনালে যাত্রীসেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে আধুনিক ইমিগ্রেশন ও অটোমেটেড কাস্টমস সুবিধা যুক্ত করা হচ্ছে। এ ছাড়া বিমানবন্দরের চিরচেনা যানবাহনের জট কমাতে থাকছে বিশাল মাল্টিলেভেল কার পার্কিং সুবিধা।
টার্মিনালের ভেতর মোবাইল নেটওয়ার্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নেটওয়ার্ক ইস্যু কোনো বড় সমস্যা নয়। দ্রুততম সময়ের মধ্যে রিপিটার বসিয়ে কাভারেজ বাড়ানো হবে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে যোগাযোগ রক্ষা করতে পারেন।
দেশের অভ্যন্তরীণ আকাশপথের উন্নয়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক জানান, বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও ও লালমনিরহাটসহ বর্তমানে বন্ধ থাকা ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। এটি সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক কাজ বলে তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকালে বাটজা নেতৃবৃন্দ এভিয়েশন খাতের উন্নয়নে বেবিচকের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং তথ্য বিনিময়ের মাধ্যমে এই খাতের বিকাশে সহযোগিতার আশ্বাস দেন।
মানবকণ্ঠ/আরআই




Comments