রূপপুরের প্রথম ইউনিটের জ্বালানি লোডিং সফল হওয়ায় ৬০ কর্মকর্তাকে সম্মাননা
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটের ‘ফিজিক্যাল স্টার্টআপ’ বা জ্বালানি লোডিং সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ঐতিহাসিক অর্জনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রকল্পে কর্মরত ৬০ জন কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) প্রকল্প এলাকায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এসব কর্মকর্তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্মাণকাজ ও প্রথম ইউনিট চালুর প্রস্তুতিতে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাদের এই সম্মান জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপকে দেশের জ্বালানি খাতের জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে প্রকল্পটি পূর্ণাঙ্গ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রার দিকে আরও একধাপ এগিয়ে গেল। এটি প্রকল্পে জড়িত বিভিন্ন সংস্থা ও কর্মীদের সমন্বিত কাজের সফল প্রতিফলন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বিদ্যুৎ প্রকল্প। দীর্ঘদিনের পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের পর প্রকল্পটি এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে। ভবিষ্যতে সফলভাবে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, প্রথম ইউনিটের জ্বালানি লোডিং কার্যক্রম গত ২৮ এপ্রিল শুরু হয়েছিল। ধাপে ধাপে রিঅ্যাক্টর কোরে ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি স্থাপন করার মাধ্যমে এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়। ইউনিটটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটিকে কারিগরিভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হয়।
রাশিয়ার প্রযুক্তিগত ও আর্থিক সহায়তায় নির্মিত এই প্রকল্পে মোট ২,৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর থাকছে। জেনারেশন-থ্রি প্লাস (Gen III+) প্রযুক্তির এই রিঅ্যাক্টরগুলো আন্তর্জাতিক সকল নিরাপত্তা মানদণ্ড পূরণে সক্ষম। প্রকল্পটির জেনারেল ডিজাইনার ও কনট্রাক্টর হিসেবে কাজ করছে রসাটম-এর ইঞ্জিনিয়ারিং বিভাগ।
মানবকণ্ঠ/ডিআর




Comments