আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার রাতের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড় ও বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে। বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।
শুক্রবার দুপুর ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেওয়া বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে— ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, শুক্রবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভাগভিত্তিক তার দেওয়া পূর্বাভাসটি নিচে তুলে ধরা হলো:
ঢাকা বিভাগ: বিকেল ৩টার পর থেকে রাত ১০টার মধ্যে ঢাকা, গাজীপুর, নরসিংদী, মুন্সীগঞ্জ ও কিশোরগঞ্জ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: বিকেল ৩টা থেকে রাত ১২টার মধ্যে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটিতে বৃষ্টি হতে পারে।
সিলেট ও ময়মনসিংহ বিভাগ: এই দুই বিভাগে এরই মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। তবে বিকেল/সন্ধ্যার পর থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এসব বিভাগের সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।
রাজশাহী ও খুলনা বিভাগ: এই দুই বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। তবে বিকেল ৬টার মধ্যে রাজশাহীর বগুড়া ও সিরাজগঞ্জে কিছুটা বৃষ্টি হতে পারে।
বরিশাল বিভাগ: বিকেল ৩টা থেকে রাত ১০টার মধ্যে বিভাগের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
রংপুর বিভাগ: লালমনিরহাট ও কুড়িগ্রামে শনিবার বিকেল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে। এছাড়া আজ রাত ১০টা থেকে ভোর ৪টার মধ্যে বিভাগের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments