Image description

ময়মনসিংহের ফুলপুরে ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে এক বৃদ্ধসহ দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ভাট্টা গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে তাজউদ্দিন (৪০) ও একই এলাকার মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির পাশে মাঠে খড় শুকানোর কাজ করছিলেন কৃষক তাজউদ্দিন। এর আগে গতরাতের ঝড়ো বাতাসে বিদ্যুতের একটি লাইন ছিঁড়ে খড়ের নিচে পড়ে ছিল, যা তার জানা ছিল না। খড় নাড়াচাড়া করার সময় তাজউদ্দিন ওই তারে স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এসময় পাশ দিয়ে মাঠে যাচ্ছিলেন প্রতিবেশী বৃদ্ধ আরশব আলী। তাজউদ্দিনকে ছটফট করতে দেখে তিনি বাঁচাতে এগিয়ে যান। তাকে স্পর্শ করার সাথে সাথেই আরশব আলী নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দুজনকে উদ্ধার করে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ থানায় নিয়ে আসে।

ফুলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/ডিআর