Image description

দেশজুড়ে ভ্যাপসা গরমের মধ্যেই অব্যাহত রয়েছে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (১৬ মে) সকালের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, শনিবার সকাল ৯টার মধ্যে রাজশাহী, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

রোববার (১৭ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু অংশে বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে ভারী বর্ষণ হতে পারে।

সোমবার (১৮ মে) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু অংশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (১৯ মে) ও বুধবার (২০ মে) পর্যন্তও দেশের বিভিন্ন অঞ্চলে একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নরসিংদীতে। এছাড়া নীলফামারীর রাজারহাটে ৩৩ মিলিমিটার, ময়মনসিংহে ২৭, কিশোরগঞ্জের নিকলিতে ২১ এবং রংপুর ও সিলেটে ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

অন্যদিকে, শুক্রবার সন্ধ্যায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।

মানবকণ্ঠ/আরআই