প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেতাকর্মীদের ঢল
প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকা থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত সড়কের দুপাশে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।
শনিবার (১৬ মে) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মহাসড়কে এসে অবস্থান নেন। এদিন ভোর থেকেই নেতাকর্মীরা অনেকে ধানের শীষ হাতে ও গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন সাজে অংশ নিতে দেখা যায়।
মহাসড়কের সোনারগাঁও উপজেলার কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়ে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান নেতাকর্মীরা। এ সময় তারা মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান অপেক্ষমাণ নেতাকর্মীদের।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরে নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম আজাদ নেতাকর্মীদের নিয়ে অবস্থান করেন।
সকাল ১০টার দিকে তারেক রহমানের গাড়িবহর মেঘনা টোল প্লাজা এলাকায় পৌঁছালে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় গাড়ির ভেতর থেকে হাত নেড়ে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন তিনি।
এর আগে সকাল আটটা থেকেই সোনারগাঁ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কের দুই পাশে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে আটটার দিকে সেখানে উপস্থিত হন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
সফরকে কেন্দ্র করে মহাসড়কের সোনারগাঁ অংশে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও তৎপর থাকতে দেখা গেছে। এর আগে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা যাতায়াতের রুট পরিদর্শন করেন।




Comments