দেশে হাম ও এর উপসর্গের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে এই রোগে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
আজ রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে এবং বরিশাল বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে। তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ ১৭ মে পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৫৯ জন প্রাণ হারিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৩ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। এর পাশাপাশি আরও ১ হাজার ২৭৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। অর্থাৎ একদিনে মোট ১ হাজার ৫১৭ জন এই রোগের কবলে পড়েছেন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৫৭ হাজার ৮৪৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং মোট ৭ হাজার ৭৬৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪২ হাজার ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৭ হাজার ৭৪৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে কয়েক হাজার রোগী চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা শিশুদের দ্রুত টিকা দেওয়া এবং হামের লক্ষণ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।




Comments