দেশে শিশুদের মাঝে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় উদ্ভূত আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় বড় সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং হামের টিকাদান কর্মসূচি সচল রাখতে অধিদপ্তর ও এর অধীনস্থ সকল প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি স্থগিত বা বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অর্জিত ছুটি এবং নৈমিত্তিক ছুটিসহ সকল প্রকার ছুটি বন্ধ থাকবে। মূলত হাম আক্রান্ত শিশুদের সংখ্যা বৃদ্ধি এবং পরবর্তীতে নিউমোনিয়ার মতো জটিলতা সামাল দিতে স্বাস্থ্যসেবা সচল রাখাই এই আদেশের মূল লক্ষ্য।
অধিদপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে। মাঠ পর্যায়ের সকল স্বাস্থ্যকর্মীকে স্ব-স্ব কর্মস্থলে উপস্থিত থেকে সেবা প্রদান নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে হামের প্রাদুর্ভাব এবং এর ফলে শিশুদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশজুড়ে টিকাদান কর্মসূচি ও বিশেষ পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments