Image description

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া আট বছর বয়সী শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে এশার নামাজ শেষে তার জানাজা সম্পন্ন হয়। পরে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

নিহত রামিসা উপজেলার মধ্যম শিয়ালদী গ্রামের বাসিন্দা হান্নান মোল্লার কন্যাসন্তান। তার এমন মর্মান্তিক ও অকাল মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে রামিসার মরদেহ বুধবার সন্ধ্যায় সিরাজদীখানের গ্রামের বাড়িতে আনা হয়। অ্যাম্বুলেন্স থেকে অবুঝ শিশুটির মরদেহ নামানোর সঙ্গে সঙ্গেই সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের বুকফাটা আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। নিষ্পাপ শিশুটিকে শেষবারের মতো একনজর দেখতে শত শত স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশী ওই বাড়িতে ভিড় জমান।

রামিসার জানাজা ও দাফনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে অবুঝ শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার এই নৃশংস ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় তুলেছে। জানাজায় অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।