জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায়। এই জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্য, উচ্চ আদালতের বিচারপতি, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেবেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় প্রধান জামাতের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং নারী-পুরুষের জন্য পৃথক ব্যবস্থাপনার মাধ্যমে ঈদ জামাতকে সুশৃঙ্খল ও আরামদায়ক করতে সব আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রধান জামাতে ইমামতি করবেন।
বিশাল আয়তন ও সক্ষমতা: জাতীয় ঈদগাহের প্রায় ৩০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল। ১২১টি কাতারে এখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে ৩১ হাজার পুরুষ এবং ৩ হাজার ৫০০ নারী মুসল্লির জন্য পৃথক নামাজের জায়গা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ২৫০ জন অতি গুরুত্বপূর্ণ (ভিআইপি) পুরুষ এবং ৮০ জন নারী ভিআইপির জন্য বিশেষ আসন ব্যবস্থা রাখা হয়েছে।
প্রবেশ ও যাতায়াত ব্যবস্থা: ঈদগাহে প্রবেশের জন্য মোট ৪টি গেট রাখা হয়েছে—যার একটি ভিআইপিদের জন্য, দুটি সাধারণ পুরুষ এবং একটি নারীদের জন্য। নামাজ শেষে দ্রুত বের হওয়ার জন্য রাখা হয়েছে ৭টি ফটক। মুসল্লিদের অজুর সুবিধার জন্য ১১৩ জন পুরুষ এবং ২৭ জন নারীর পৃথক অজুখানার ব্যবস্থা করা হয়েছে।
সুযোগ-সুবিধা ও নিরাপত্তা: গ্রীষ্মের গরম ও বৃষ্টির কথা মাথায় রেখে ঈদগাহ ময়দানে পর্যাপ্ত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), ফ্যান, আলোর ব্যবস্থা এবং পানি নিরোধক সামিয়ানা লাগানো হয়েছে। নিরাপদ খাবার পানি, কার্পেট এবং বিশেষ জায়নামাজের ব্যবস্থাও রয়েছে। নিরাপত্তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা সেবা, ভ্রাম্যমাণ টয়লেট এবং পুলিশি পাহারার মতো কঠোর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও প্যান্ডেলে প্রবেশের মুখে নির্মাণ করা হয়েছে নজরকাড়া ৩টি তোরণ।
আয়োজক কর্তৃপক্ষ আশা করছে, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে মুসল্লিরা এবারের ঈদুল আজহার প্রধান জামাত আদায় করতে পারবেন।
মানবকণ্ঠ/আরআই




Comments