Image description

দেশে হাম ও এর উপসর্গের প্রকোপ দিন দিন আশঙ্কাজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) এই রোগে আক্রান্ত হয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫৬০ জনে। বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই উদ্বেগজনক তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে ২ জন, ময়মনসিংহে ২ জন এবং রাজশাহীতে ১ জন রয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ১১৮ জন হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬২ জনের শরীরে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ৫৬ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৮৩৪ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৭৯ জনে। এই সময়ের মধ্যে মোট ৫৬০ জন মৃতের মধ্যে ৪৭২ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে এবং ৮৮ জন মারা গেছেন নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর।

প্রতিবেদনে আরও জানানো হয়, শুরু থেকে এ পর্যন্ত মোট ৫৩ হাজার ৪৬৩ জন হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৪৯ হাজার ৯০৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে এই ভাইরাসের দ্রুত বিস্তার রোধে নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার করার কোনো বিকল্প নেই। একইসঙ্গে কোনো শিশুর মধ্যে হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

মানবকণ্ঠ/আরআই