ঈদের খুশির দিনে গোপালগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বেদগ্রাম এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পিরোজপুরগামী ‘দোলা পরিবহন’-এর একটি বাস বেদগ্রাম এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ডতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী এবং বাসের দুই যাত্রী নিহত হন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নেয়ামুল জানান, খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু করা হয়। চারজন ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়। ফলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments