Image description

এবার কোরবানির পশুর চামড়া পাচার হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে সাভারের আমিনবাজার এলাকায় কাঁচা চামড়া ক্রয় ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, এবার বেশির ভাগ চামড়া সংরক্ষণ করা যাবে এবং ট্যানারি পর্যন্ত পৌছাবে। আর ভবিষৎতে এটিকে একটি স্থায়ী অবকাঠামোতে রূপ দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করছি।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে বেশি বেশি বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান তৈরি। সেই জন্য চামড়া দিয়ে প্রস্তুত পণ্য আমরা রপ্তানি করতে চাই। আগামী দিনে বাংলাদেশের সকল কোরবানীর চামড়া যেন সংরক্ষণ করতে পারি সে জন্য সাভারের সিইটিপির সমস্যা দূর করার ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, যে সমস্ত জায়গায় চামড়া জড়ো হয় সেখানে সার্বক্ষণিক ভাবে আমাদের লোক কাজ করছে। তাই পাচার হওয়ার কোন উপায় নেই, যারা চামড়ায় লবণ মাখিয়ে বিক্রি করবেন তারা ভালো দাম পাবেন বলেও জানান মন্ত্রী।

এ সময় তিনি চামড়া ব্যবসায়ী ক্রেতা বিক্রেতাদের সাথে চামড়া নিয়ে খোলামেলা কথা বলেন। এদিকে বিকেলে থেকে সাভারের বিসিক চামড়া শিল্প নগরী ট্যানারি কারখানা গুলোতে চামড়া প্রবেশ করছে।