Image description

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলমত নির্বিশেষে দেশের সকল অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মী ও সচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ব্যক্তিগত এবং দলীয় উদ্যোগের মাধ্যমে আর্তমানবতার সেবা করাই শহীদ জিয়ার প্রকৃত শিক্ষা।

শনিবার (৩০ মে) বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন কীভাবে মানুষের বিপদে পাশে দাঁড়াতে হয়। আপনারা যারা দীর্ঘকাল দলের সঙ্গে আছেন, তারা জানেন প্রতি বছরই আমরা এই দিনে অসহায় মানুষের পাশে দাঁড়াই। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে—শুধু দলের পক্ষ থেকে নয়, সম্ভব হলে ব্যক্তিগত উদ্যোগেও নিজ নিজ এলাকার অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসুন। আমাদের এই সম্মিলিত প্রচেষ্টাই হবে আজকের দিনের শ্রেষ্ঠ অর্জন।”

এর আগে খিলগাঁওয়ের জোড় পুকুর মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা নিয়ে কথা বলেন। তিনি বলেন, “ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা আমি ঘুরে দেখেছি। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা দিনরাত কাজ করছেন, কিন্তু নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে। শহরটা আমাদেরই, তাই এটি নোংরা না করার মানসিকতা আমাদের গড়তে হবে। বর্জ্য অপসারণ ও পরিবেশ বাসযোগ্য রাখতে নাগরিকদের সচেতনতা জরুরি।”

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে শহীদ জিয়ার উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির কথা স্মরণ করে বলেন, “জিয়াউর রহমান দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি শুরু করেছিলেন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ আমাদের ওপর যে আস্থা রেখেছেন, সেই জনসমর্থন নিয়ে আমরা একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। সচ্ছল ব্যক্তিরা এগিয়ে এলে এবং আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে দ্রুতই দেশের অর্থনৈতিক চিত্র বদলে যাবে।”

এ সময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন; বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমিনুল হক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দিনটি উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।