Image description

দেশের বিভিন্ন জেলায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী, কিশোর গ্যাং সদস্য এবং বিভিন্ন মামলার আসামিসহ মোট ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার নোয়াখালী, লালমনিরহাটের কালীগঞ্জ এবং লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জেলা শহর মাইজদী পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, মাইজদী শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। সম্প্রতি জেলা শহরে একটি কিশোর গ্যাং প্রকাশ্যে বড় ধরনের শোডাউন করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়।

কালীগঞ্জে সাবেক অধ্যক্ষসহ পাঁচজন গ্রেফতার

লালমনিরহাটের কালীগঞ্জে সরকারি আদিতমারী কলেজের সাবেক অধ্যক্ষসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-আওয়ামী লীগের সহসভাপতি ও সরকারি আদিতমারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. আজিজার রহমান, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজের প্রভাষক মো. এরশাদুল হক, ভোটমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. আশরাফুল হক, দলগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য রিপন চন্দ্র রায় এবং চন্দ্রপুর ইউনিয়নের লতাবর এলাকার আনোয়ার হোসেন।

রামগঞ্জে আওয়ামী লীগের চার নেতাকর্মীসহ গ্রেফতার ৯

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চার নেতাকর্মীসহ মোট নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত বছরের ১৭ জুলাই দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন-চণ্ডীপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মহিবুর রহমান ফাহিম, যুবলীগের সক্রিয় সদস্য সাইফুল ইসলাম আরজু, রুবেল হোসেন এবং পশ্চিম বরইআইশ এলাকার আওয়ামী লীগের সক্রিয় সদস্য শাহ আলম।

এ ছাড়া চুরির মামলায় গ্রেফতার হয়েছেন রতনপুরের মাসুম হোসেন ও চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পয়ালজোশ এলাকার শাওন হোসেন। পরোয়ানাভুক্ত আসামি হিসেবে আটক করা হয়েছে সিরন্দীর হোসেন, বিউটি আক্তার এবং পূর্বভাদুরের রিয়াদ হোসেনকে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।