Image description

চলতি জুলাই বিপ্লববিরোধী প্রোপাগান্ডা ও সহিংস অপরাধে উস্কানি দেওয়ার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।

তাজুল ইসলাম তার পোস্টে লেখেন, "জুলাই বিপ্লবের মাধ‍্যমে অর্জিত বাংলাদেশে এই মহিলার (শাওন) ধৃষ্টতা সকল সীমানা অতিক্রম করেছে। দুটো ঘটনার প্রেক্ষিতে এই মহিলা এই স্ট‍্যাটাসটি দিয়েছে—তার একটি হলো নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া। দ্বিতীয়টা হলো একজন জুলাই যোদ্ধাকে ছাত্রলীগ কর্তৃক তুলে নিয়ে নির্যাতন করা এবং সেটি ভিডিও করে ছড়িয়ে দেয়া। দুটোই মারাত্মক ফৌজদারী অপরাধ এবং আমলযোগ্য অপরাধ।"

তিনি আরও অভিযোগ করেন, শাওনের পুরো ফেসবুক প্রোফাইল জুড়েই জুলাই বিপ্লবকে 'সন্ত্রাসী কর্মকাণ্ড' হিসেবে আখ্যা দিয়ে লাগাতার প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এই কারণে তাকে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান তিনি।

এর আগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ব্যাপক সমালোচনা ও ক্ষোভের জন্ম দেয়। নেত্রকোণায় ঘটে যাওয়া বিতর্কিত দুটি ঘটনার পর নিজের শ্বশুরবাড়ির এলাকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

শাওন তার পোস্টে লিখেছিলেন, "আজকে ২টা ঘটনার পর ভাবতেই আনন্দ লাগছে যে নেত্রকোণা আমার শশুরবাড়ি… ঘটনা ২ টা কি আমাকে জিজ্ঞেস করবেন না, ফেসবুকে-ই পেয়ে যাবেন। আর যারা বুঝে ফেলেছেন তাদের শুভেচ্ছা।"

নেত্রকোণায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ এবং এক জুলাই যোদ্ধার ওপর ছাত্রলীগের নির্যাতনের ঘটনার পরপরই শাওনের এই 'আনন্দ প্রকাশ' করে দেওয়া পোস্টটিকে অপরাধের প্রত্যক্ষ সমর্থন ও উস্কানি হিসেবে দেখছেন নেটিজেনসহ বিশিষ্ট নাগরিকেরা। এরই পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার এই দাবি জানালেন।

মানবকণ্ঠ/আরআই