Image description

আবারও ভূমিকম্পের সাক্ষী হলো বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি অঞ্চলে ৪ দশমিক ৫ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের সিলচর শহর থেকে ১৯ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এবং মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

জানা গেছে, উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে প্রায় ২৮৭ কিলোমিটার দূরে অবস্থান করলেও ভারতের সীমান্তঘেঁষা সিলেট, ময়মনসিংহ এবং ঢাকাসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় কয়েকটি এলাকায় এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই আতঙ্কিত হয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়ে পোস্ট করেন।

উল্লেখ্য, এর মাত্র কয়েকদিন আগেই গত রবিবার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটে সারা দেশে ৫ দশমিক ৬ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভুটানে।

মানবকণ্ঠ/আরআই