প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে পৌঁছেছেন ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের শনিবারের দিনব্যাপী সফরকে কেন্দ্র করে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন সরকারের ছয় প্রভাবশালী মন্ত্রী ও প্রতিমন্ত্রী। শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় তারা বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এ সময় স্থানীয় দলীয় নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান।
কক্সবাজারে আসা সরকারের উচ্চপর্যায়ের এই প্রতিনিধি দলে রয়েছেন—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানি সম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৩ জুন শনিবার সকাল ১০টায় কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে পুরো জেলায় এখন সাজ সাজ রব ও উৎসবের আমেজ বিরাজ করছে। সফরকালে তিনি একটি নতুন উপজেলা ও একটি নতুন পৌরসভার শুভ উদ্বোধন করবেন। এ ছাড়াও তিনি স্থানীয় রাজনৈতিক জনসভা, সুধী সমাবেশ এবং সরকারের উন্নয়নমূলক ‘খাল কাটা’ কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করবেন। কর্মসূচি শেষে রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মন্ত্রীবর্গের আগমনে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments